আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
সভায় ঔষধ ব্যবসায়ী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় ঔষধের মূল্য নিয়ন্ত্রণ, মানসম্মত সরবরাহ এবং ক্রেতাদের অধিকার সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, "জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। ঔষধের মতো একটি জরুরি পণ্যের মূল্য নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।" তিনি আরও বলেন, "কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ঔষধ বিক্রি করেন, যা দুঃখজনক। লাইসেন্সবিহীন ফার্মেসি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।"
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, "সৎভাবে ব্যবসা পরিচালনা করুন। সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করে জনগণের আস্থা অর্জন করুন। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান। তিনি ঔষধের মান নিয়ন্ত্রণ, ভেজাল ও নকল ঔষধ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর থেকে আগত মেসার্স জম জম মডেল ফার্মেসির ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা জামান (জুয়েল), ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, ও সদস্য বাবু কাজল দাস।
স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা ফারিয়া’র সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক আফসারউদ্দীন। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.