Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মনিরামপুর (যশোর)প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর)প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া-নওয়াপাড়া সড়কের অন্তত ৫ কিলোমিটার অংশ বর্তমানে যানবাহন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উপজেলার কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর, দূর্বাডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের জনগণের যাতায়াতের প্রধান মাধ্যম। অথচ বর্তমানে এ সড়কে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের কোথাও কোথাও পিচের কার্পেটিং উঠে গেছে, কোথাও ইটের সলিং নেই বললেই চলে, এমনকি অনেক জায়গায় বোঝাই যায় না এটি পাকা নাকি কাঁচা রাস্তা। ছোট-বড় অসংখ্য গর্তে ভরে গেছে পুরো সড়কটি। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যান চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনসাধারণকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুই পাশে তৈরি হয়েছে অসংখ্য মৎস্য ঘের, যা ভবদহের জলাবদ্ধতাকে আরও প্রকট করেছে। ঘের ব্যবসায়ীরা সড়কটিকে ভেড়িবাঁধ হিসেবে ব্যবহার করলেও রাস্তা রক্ষায় তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মশিয়াহাটী-সরখোলা ইজি বাইক মালিক সমিতির পক্ষ থেকে স্ব-উদ্যোগে কিছু অংশে বালি ও খোয়া ফেলে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হলেও ভারী বালুবাহী ট্রাক চলাচলের কারণে সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। সমিতির সভাপতি মোঃ হাসান সরদার বলেন, “সরকারি কোনো উদ্যোগ নেই। আমরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করতে গিয়েও সফল হতে পারিনি। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে শিল্পশহর নওয়াপাড়ার সঙ্গে কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে এসব এলাকার শত শত খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকা এই সড়কটির দ্রুত সংস্কার ও ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, জনদুর্ভোগ লাঘবে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।