দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১ কোটি ৬১ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান-এর নির্দেশনায় মঙ্গলবার সকাল ৬টায় চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মাঠে বিশেষ অভিযান চালানো হয়। নায়েক জীবন কুমার মিত্রের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় ৯০ বোতল মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভেড়ামারা হাইওয়ে সড়কে সিরাজগঞ্জ থেকে বেনাপোলগামী রয়েল এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে বিজিবি। এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।
এছাড়াও মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/১-এস থেকে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোখলেছুর রহমান।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা। এর মধ্যে কারেন্ট জালগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়নের ষ্টোরে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.