মিলন সিদ্দিকী,ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় সিএনজি চালক ফজলুল হক (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৫ আগস্ট সন্ধ্যায় কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ফজলুল হক। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন।
মামলার তদন্তে নেমে পুলিশ রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—রাজীব হোসেন (২৩), হোসেন আলী (২০), সোহাগ মিয়া (২২) ও শহিদুল ইসলাম (৪০)। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকা জেলা পুলিশের অধীনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাকাণ্ডে আরও যারা জড়িত থাকলে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

