রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। ব্যক্তিগত গাড়ির জন্য নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেলের খরচ দেখানো এবং ভুয়া কর্মচারী নিয়োগ দেখিয়ে বেতন-ভাতা আত্মসাৎ করার অভিযোগে এ মামলা করা হয়।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান বাদী হয়ে রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। বর্তমানে মুক্তার আলী একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়র থাকাকালে পৌরসভার কোনো সরকারি জীপ গাড়ি ও চালক না থাকা সত্ত্বেও মুক্তার আলী ব্যক্তিগত প্রাইভেটকারের জন্য প্রতিদিন ৭ লিটার করে জ্বালানি তেলের খরচ নেন পৌর তহবিল থেকে। মোট ১ হাজার ৮৬৫ দিনের জন্য ১৩ হাজার ৫৫ লিটার তেল বাবদ তিনি নেন ১২ লাখ ৫৪ হাজার ৫৮৫ টাকা। এছাড়া ১ লাখ ৯৭ হাজার ৪১৫ টাকা অগ্রিম নিলেও এর কোনো ভাউচার জমা দেননি বা সমন্বয় করেননি। সব মিলিয়ে পৌর তহবিল থেকে তিনি ১৪ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ করেন।
এছাড়া ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্ন কর্মচারী হিসেবে পাঁচজনকে নামমাত্র নিয়োগ দেখিয়ে তাদের বেতন-ভাতা বাবদ আরও ৪ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। বাস্তবে তাদের কেউই চাকরিতে যোগ দেননি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ভুয়া নিয়োগ দেখিয়ে টাকা আত্মসাৎ করা এবং নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেলের খরচ নেওয়া দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে মুক্তার আলীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.