মো.শাহ জালাল, বরিশাল
বরিশালের মুলাদীতে পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের হামলায় এক ভাই গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার চোখ উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রিপন বেপারী (৫০) ওই এলাকার আশেদ আলী বেপারীর ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আহতের ছেলে আব্দুর রহমান জানান, মঙ্গলবার তার বাবা ঢাকা থেকে বাড়ি ফেরেন। এসময় তিনি মেজো ভাই রোকন বেপারীর কাছে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণ ফেরত চান। কিন্তু রোকন তা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি হয়। পরে রাত ১১টার দিকে রিপন বাড়ি ফেরার সময় রোকন ও ছোট ভাই স্বপন বেপারী মিলে তার ওপর হামলা চালিয়ে চোখ উপড়ে ফেলে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, “রোকনের কাছে প্রায় ৩৫ লাখ টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত ছিল। এ নিয়ে চার ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে রিপনের চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.