শামসুল হক ভূইয়া, গাজীপুর
গাজীপুরে একটি নতুন সংসদীয় আসন যুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) খসড়া সীমানা পুনর্বিন্যাসে গাজীপুরের আসন সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় জনসাধারণ।
ইসির প্রস্তাবে গাজীপুর-৬ নামে নতুন আসন হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪–৫৭ নম্বর ওয়ার্ড যুক্ত করা হয়েছে। এ বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত শুনানিতে গাজীপুরের প্রতিনিধিরা সামান্য কিছু আপত্তি জানালেও প্রস্তাবটি সার্বিকভাবে স্বাগত জানানো হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন বলেন, “গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নির্বাচন কমিশনের সততা ও আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই। বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অন্যদিকে গাজীপুর মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “এই নতুন আসন জনসংখ্যার চাপ, ভৌগোলিক বাস্তবতা এবং নাগরিক চাহিদার প্রতিফলন। এটি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং উন্নয়নের গতি বাড়াবে।”
জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন ও আজহারুল ইসলাম, গাজীপুর-৪ আসনের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আইউবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, “গাজীপুর দেশের সবচেয়ে জনবহুল জেলা। একটি আসন বৃদ্ধির ফলে এখানকার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। নির্বাচন কমিশনের প্রতি আমরা কৃতজ্ঞ।”
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন দেশের সংসদীয় আসনগুলোর নতুন খসড়া সীমানা ঘোষণা করে। এতে গাজীপুরে একটি নতুন আসন যোগ করা হয়, অপরদিকে বাগেরহাটে একটি আসন কমানো হয়। সারাদেশ থেকে জমা পড়া ১,৭৬০টি আপত্তি ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২৪–২৭ আগস্ট শুনানি গ্রহণ করে কমিশন। চূড়ান্ত সীমানা খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।
নতুন আসন যুক্ত হওয়ার ফলে গাজীপুরে রাজনৈতিক ভারসাম্য যেমন তৈরি হবে, তেমনি উন্নয়নের নতুন দিগন্তও উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিএনপি ও জামায়াতের ইতিবাচক প্রতিক্রিয়াকে রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচন কমিশনের প্রতি বিরল আস্থার প্রতিফলন বলে মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.