
হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি বন্যাকবলিত বসতপুর ২নং কলোনি, শরীফপুর, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, টেংরা এবং ৩নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকার শত শত পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
এ সময় কবির হোসেন বলেন, “মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা রাজনীতি করি জনগণের জন্য। এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।”
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ হোসেন, বাগআঁচড়া ডা. আপিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে তারা প্লাবনের কবলে পড়েন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। এবারের বন্যা আগের চেয়ে ভয়াবহ রূপ নিয়েছে, ফলে দ্রুত সরকারি উদ্যোগ এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলে শার্শার বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.