নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণাঞ্চল বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আবদুল মান্নান।
বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই আবালধনী বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নের জন্য দেশনায়ক তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি উমর ফারুক, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতেহারুল হক টিপু সুলতান।
এমডি মামুন আরও বলেন, “বিএনপিকে সুসংগঠিত করতে হলে তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারাই দলের প্রকৃত শক্তি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতকে আধুনিকায়নের ওপর জোর দেওয়া হবে।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইদ্রিছ আলী, হাবিবুর রহমান আরজু, জহিরুল ইসলাম, সৈনিক দল নেতা আমিনুল ইসলাম, রাকিব হাসান, যুবদল নেতা আব্দুল আহাদ, ছাত্রদল নেতা আল মামুন, আজিমুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন, যার ফলে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতারা মনে করছেন, এই সম্মেলন আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতিপ্রবাহ সৃষ্টি করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.