ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজের খেলার মাঠসংলগ্ন নতুন হাঁটার রাস্তা এখন নিরাপত্তাহীনতার মুখে। শিক্ষার্থী ও পথচারীদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই সেখানে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে, যা প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নীলয় চৌধুরী রেজা অধ্যক্ষ এস এম আব্দুল হালিম-এর কাছে শিক্ষার্থীদের পক্ষে একটি লিখিত আবেদনপত্র জমা দেন। অধ্যক্ষ তা গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, রাতের আঁধারে কিছু বহিরাগত যুবক-যুবতী হাঁটার রাস্তাটিকে আড্ডা, মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহার করছেন। এমনকি রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শিক্ষার্থীদের প্রস্তাবিত সমাধান:
-
হাঁটার রাস্তায় ল্যাম্পপোস্ট বসিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা।
-
রাত ৮টার পর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা।
-
ক্যাম্পাসে নিয়মিত নিরাপত্তা টহল ও প্রহরী বৃদ্ধি।
-
পুরো কলেজ এলাকা সিসিটিভির আওতায় আনা।
আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মোফাচ্ছের, আজিজুর, আনিচ, শুভ, রনি, পিয়াস, সালমান, আদর প্রমুখ।
অধ্যক্ষের আশ্বাস:
অধ্যক্ষ এস এম আব্দুল হালিম বলেন, “কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু বরদাস্ত করা হবে না। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে। প্রয়োজনে খুঁটি বসিয়ে আলোর ব্যবস্থা করা হবে।”

