কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির সদস্য এইচ এম আবুল বশার বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল বাশার খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রকাশিত সংবাদের জেরে গত মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য বাচ্চু ও তার সহযোগীরা দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি এইচ এম মেহেদী হাসনাতের উপর হামলা চালিয়ে তাদের আহত করে।
বিষয়টি জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নজরে এলে তারা বাচ্চুকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,“দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় বাচ্চুকে কোটালীপাড়া উপজেলা বিএনপির সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনের জন্য ঘোষিত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি স্থগিত করা হয়েছে।
প্রেসক্লাব সভাপতি এইচ এম মেহেদী হাসনাত বলেন,“আমাদের একমাত্র দাবি ছিল হামলাকারীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া। বিএনপি সেই দাবি মেনে তাকে বহিষ্কার করায় আমরা ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছি।”
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন,“সাংবাদিকদের উপর হামলা চালিয়ে বাচ্চু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। শৃঙ্খলাবিরোধী কাউকে বিএনপিতে রাখা হবে না।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,“সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

