সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
কাজিপুর থানা এলাকার দুইশ গজের মধ্যে অবস্থিত পৃথক দুটি গুদামে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।
অভিযানে পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫ বস্তা ও ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করা হয়। অপরদিকে মৃত আকবর হোসেনের ছেলে সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় দুই গুদামের মালিকই পলাতক ছিলেন।
কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী জানান, জব্দকৃত চালগুলো সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। জব্দকৃত চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ বলে নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

