যশোর প্রতিনিধি
যশোরে পৃথক দুটি অভিযানে ৩৬টি স্বর্ণবারসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫.৩৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬), এবং ঝিকরগাছার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে কোদালিয়া বাজার এবং সকাল ৯টা ৩০ মিনিটে তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের ব্যবহৃত ম্যানিব্যাগ এবং কোমরে লুকানো অবস্থায় স্বর্ণবার, ৫টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা এবং কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, এসব স্বর্ণ তারা ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্রসহ সব ধরনের চোরাচালান রোধে আমাদের বিশেষ নজরদারি ও পরিকল্পিত অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.