মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে মানবাধিকার সংগঠন “অধিকার” আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে গুমের শিকার ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম, আল আমিনের বাবা মনু মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কলেজ শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক শহীদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিক এবং অধিকার পঞ্চগড়ের ফোকাল পারসন সাংবাদিক সফিকুল আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষ গুমের শিকার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মানুষকে তুলে নেওয়া হয়েছে, যার অধিকাংশের এখনো খোঁজ মেলেনি। দ্রুত প্রতিটি গুমের শিকারকে খুঁজে বের করা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.