রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। রোববার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ হাতে দায়িত্ব বুঝিয়ে দেন নবাগত ডিসিকে। এ সময় খুলনা জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।
নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, খুলনার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা—এই তিনটিকে আমি আমার কর্মপরিকল্পনার মূলভিত্তি হিসেবে বিবেচনা করছি।
উল্লেখ্য, মো. তৌফিকুর রহমান কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর খুলনায় পদায়ন পেলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে খুলনা আরও এগিয়ে যাবে।
নতুন ডিসির আগমনে খুলনার প্রশাসন ও নাগরিকদের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.