
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পরিবর্তন উপলক্ষে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আব্দুস সালাম।
রোববার (৩১ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বলেন, “একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং সমাজ ও জাতি গঠনে নেতৃত্ব দেন। সুভাষ চন্দ্র বিশ্বাস তার কর্মময় জীবনে যে অবদান রেখেছেন, তা শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবে।” তিনি নবনিযুক্ত অধ্যক্ষের প্রতি শুভকামনা জানিয়ে কলেজের শিক্ষা ও প্রশাসনিক উৎকর্ষে তার ভূমিকার প্রত্যাশা করেন।
বিদায়ী অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই কলেজ ছিল আমার পরিবার। সহকর্মীদের সহানুভূতি ও শিক্ষার্থীদের ভালোবাসা ছাড়া আমার পথচলা সম্ভব হতো না। কলেজের প্রতি আমার দায়বদ্ধতা আজীবন থাকবে।”
নবনিযুক্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম দায়িত্ব গ্রহণ করে বলেন, “আমি বিদায়ী অধ্যক্ষের দেখানো পথ অনুসরণ করে কলেজের শিক্ষার মান ও শৃঙ্খলা উন্নয়নে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সহযোগিতা নিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ আরও উন্নত করাই আমার লক্ষ্য।”
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মহসিন মিয়া, প্রভাষক বিভূতি-ভূষণ বিশ্বাস, সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মন্ডল,ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান আ. রশিদ খান , প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার,প্রভাষক মো.মেহেরুল ইসলাম প্রমুখ
অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করেন প্রভাষক মাহিদুল হক। শেষে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবনিযুক্ত অধ্যক্ষ মো. আব্দুস সালামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.