রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণের সরকার গঠনের প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন দলের তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো শক্তা মুক্ত হয়নি। দেশে নৈরাজ্য সৃষ্টির পেছনে গভীর ষড়যন্ত্র চলছে। এগুলো প্রতিহত করতে আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।”
রবিবার (৩১ আগস্ট) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে রূপসা উপজেলা বিএনপি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়ে।
হেলাল আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যাহত হবে এবং সেই সুযোগে পলাতক স্বৈরাচারী শক্তিরা দেশে ফিরে পুনরায় অস্থিরতা সৃষ্টি করতে পারে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “সকল ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বিগত সময়ের মতো যদি প্রশাসন একপেশে হয়ে পড়ে, তবে জনগণ তা মেনে নেবে না।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় পৃথক তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং শিক্ষা খাতে তিনটি উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।” পাশাপাশি তিনি একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু এবং অ্যাডভোকেট এনামুল হক সজল।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
এছাড়াও বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখ, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদক সেতারা বেগম, তাঁতিদলের সদস্য সচিব মাহামুদুল আলম লোটাস ও জাসাসের সদস্য সচিব এ.কে. আজাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.