মিলন সিদ্দিকী,ধামরাই( ঢাকা )প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত খুনসহ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
র্যাব জানায়, ৩১ আগস্ট রাতে ঢাকা জেলার আশুলিয়া খেজুরটেক, ধামরাই ছোট চন্দ্রাইল এবং সাভার ছায়াবীথি এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো— ইসমাইল ওরফে ইমরান (৪০), মোঃ মাসুদ রানা (২৯), মোঃ ওবায়দুর (২২), মোঃ তাওহিদ (১৮), মোঃ সুমন (২৭), মোঃ মনু (৪৫), মোঃ সুরুজ মিয়া (৪৫) ও মোঃ হাবিবুর রহমান হাবিব (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ আগস্ট মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইসলামনগর গ্রামের মহর উদ্দীনের (৭০) বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল গরু লুট করার সময় মহর উদ্দীন ও তার ছেলে নূর মোহাম্মদ বাবু বাধা দিলে তাদের নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। পরে মহর উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর র্যাব-৪ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মূল আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.