
পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, আরইবি’র দ্বৈতশাসন, নিম্নমানের মালামাল ক্রয়, নির্বিচারে বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার কারণে সমিতির স্বাভাবিক কর্মপরিবেশ ভেঙে পড়েছে।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে:
আরইবি ও সমিতির দ্বৈতশাসন বন্ধ করে দ্রুত একীভূতকরণ কার্যকর করা
নিম্নমানের মালামাল ক্রয়সহ দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা
নির্বিচারে বদলি ও বরখাস্ত বন্ধ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা
বিদ্যুৎ খাত সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা
আন্দোলনকারীরা জানান, এর আগেও একাধিকবার কমিটি গঠন করা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। উল্টো আরইবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে চলেছে, যা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
তারা আরও জানান, জরুরি গ্রাহকসেবা চালু থাকলেও আরইবি’র সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। দাবি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.