
আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে আবারও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বিশেষ করে চৌহালী উপজেলার জোতপাড়া নদীর ঘাট সংলগ্ন বেড়িবাঁধের দুটি স্থানে ধস দেখা দিয়েছে, এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে চৌহালী উপজেলার জোতপাড়া নদীর ঘাটের পশ্চিমে চৌদ্দরশি এলাকায় বেড়িবাঁধের প্রায় ৪৫ মিটার এলাকা নদীতে ধসে পড়ে। এর মধ্যে একটি স্থানে প্রায় ৩৫ মিটার এবং আরেকটি স্থানে ৭ থেকে ৮ মিটার বাঁধের ব্লক ধসে যায়।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,"বাঁধ ধসের খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান,"আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুত সময়ের মধ্যে বাঁধ ধস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে করে এসব এলাকার ঘরবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট প্লাবিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.