যশোর প্রতিনিধি
যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও জনসভা। রোববার দুপুর থেকে শহরের টাউন হল মাঠে জড়ো হতে থাকেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাদ্যের তালে তালে স্লোগানে মুখরিত পরিবেশে তারা অংশ নেন র্যালিতে। নারীরা লাল-সবুজ শাড়ি আর পুরুষরা রঙিন ক্যাপ পরে হাতে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিকে উৎসবমুখর করে তোলেন।
বিকেল ৫টায় টাউন হল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। “শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন” স্লোগানে গোটা যশোর শহর মুখরিত হয়ে ওঠে।
এর আগে টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “দেশে এখন গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, নির্বাচন নেই। আবারও দেশে ফ্যাসিবাদের ছায়া নেমে এসেছে। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে আছে।”
তিনি অভিযোগ করেন, একটি মহল ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। তবে বিএনপি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। অমিত বলেন, “বিএনপি টিকে আছে জনগণের ভালোবাসায়, জুলুম-নিপীড়নে নয়। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতেও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। এসব চারা শহরের নয়টি ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা হবে। আগামীকাল ও পরশু জেলার বিভিন্ন উপজেলায়ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.