
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কলাবাগানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাশাদ (২৪) নামে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত বাশাদ ওই এলাকার রং মিস্ত্রি আমডু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাশাদ বাড়ির সামনে কলাবাগানে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত ঝুলে থাকা একটি জিআই বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। তাকে রক্ষা করতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন। তার মা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারই এ দুর্ঘটনার মূল কারণ। তারা অভিযোগ করেন, একাধিকবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.