যশোর প্রতিনিধি
যশোর শহরের প্রেসক্লাবের পাশে ফুটপাতে লেবু বিক্রি করা ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফের খোঁজ নিয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি প্রেসক্লাব সংলগ্ন মুজিব সড়কের ফুটপাতে বসে থাকা আব্দুল লতিফের সঙ্গে দেখা করেন এবং তার খোঁজখবর নেন।
সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত খবর ডা. ফরিদের নজরে আসলে তিনি সরাসরি আব্দুল লতিফের কাছে যান। কথোপকথনের সময় আব্দুল লতিফ জানান, তিনি চোখের সমস্যায় ভুগছেন। এসময় ডা. ফরিদ তার চোখের অপারেশনের দায়িত্ব নিতে চান। তবে আব্দুল লতিফ জানান, অপারেশনের জন্য টাকা ইতোমধ্যেই ম্যানেজ হয়েছে। তারপরও পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি ডা. ফরিদকে ধন্যবাদ জানান এবং আবেগঘন মুহূর্তে তাকে জড়িয়ে ধরেন।
আলোচনার সময় আব্দুল লতিফ স্মৃতিচারণ করে বলেন, তিনি ডা. ফরিদের পিতা যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরীফ হোসেনকে চিনতেন এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখেন।
এসময় ডা. ফরিদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৮ বছর শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেন আব্দুল লতিফ। বর্তমানে তিনি জীবন-জীবিকার তাগিদে ফুটপাতে লেবু বিক্রি করছেন। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তার বিশ্বাস—“কোনো কাজই ছোট নয়।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.