অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। মাছটি বন্দরে নিয়ে আসার পর স্থানীয়রা ভিড় জমায় দেখতে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কলাপাড়ার আলিপুর মৎস্য আড়তে মাছটি নিলামে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ২০০ টাকা। মাছটি কিনেছেন মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন, যিনি মৃধা ফিসের স্বত্বাধিকারী।
এর আগে গত ৩১ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরার সময় বড়সড় এ পাঙ্গাস মাছটি জেলের জালে ধরা পড়ে। হঠাৎ এমন মাছ জালে আসায় জেলেদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, “মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।”
স্থানীয় জেলেরা জানান, নদী বা সাগরের পাঙ্গাস মাংসে নরম ও স্বাদে অনন্য। তাই এদের দাম দেশি চাষের পাঙ্গাসের তুলনায় কয়েকগুণ বেশি। বড় মাছ ধরা পড়লে জেলে পল্লীতে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটা জেলেদের জন্য খুশির খবর। সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই এটা বলা যায়। নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.