কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
‘কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খরিপ-২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি বারি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়ন করেছে আলফাডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি বলেন, “কৃষকদের সমৃদ্ধিই দেশের সমৃদ্ধি। সরকার কৃষি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। মাষকলাই উৎপাদন বৃদ্ধির জন্য এ প্রণোদনা কৃষকদের আয়ের পথ সুগম করবে।”
সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা। তিনি বলেন, “মাষকলাই একটি লাভজনক ফসল। কম খরচে ভালো ফলন পাওয়া যায়। কৃষকদের কারিগরি সহায়তা দিয়ে সর্বোচ্চ ফলন নিশ্চিত করা হবে।”
প্রণোদনা পেয়ে কৃষকরা আনন্দ প্রকাশ করেছেন।
গোপালপুর গ্রামের কৃষক মো. শফিক শেখ বলেন, “বিনামূল্যে সার-বীজ পেয়ে আমাদের খরচ অনেক কমে গেল।”
শকুরহাটা গ্রামের কৃষক সুলতান শেখ জানান, “সার-বীজ কেনার টাকার অভাবে চাষ সীমিত করতে হতো। সরকারের সহযোগিতায় এবার ভালোভাবে চাষ করা সম্ভব হবে।”
চরনারানদিয়া গ্রামের কৃষক অজয় বিশ্বাস বলেন, “কৃষি অফিস থেকে ভালো মানের বীজ ও সার পেয়ে এবার ফলন ভালো হবে বলে আশা করছি।”
কৃষকদের উচ্ছ্বাস আর উৎসাহে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে আলফাডাঙ্গায়। আশা করা যাচ্ছে, প্রণোদনা কর্মসূচি সফল হলে আগামী মৌসুমে মাষকলাই উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.