আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিডি (VWB) প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে নিম্নমানের লাল চাল বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে তিনি তাৎক্ষণিকভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদামে পরিদর্শনে যান ইউএনও। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউডিএফ এমএ মতিন উপস্থিত ছিলেন। পরিদর্শনে এফএস-০১ নম্বর গুদামে নিম্নমানের লাল চাল মজুদ পাওয়া যায়।
এছাড়া, সেদিন সকালে ঝালুকা ইউনিয়নে চাল বিতরণের সময় সুবিধাভোগীরা চালের মান নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয়দের অভিযোগে ইউএনও ঘটনাস্থলে গিয়ে নিজে চাল পরীক্ষা করে নিম্নমানের প্রমাণ পান। এরপর তিনি ঘোষণা দেন—ভালো মানের চাল সরবরাহ না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, “গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চালের সঙ্গে ভেজাল মিশিয়ে দেওয়া অমানবিক। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি দাবি করেন, “পুরো রাজশাহী জেলার খাদ্যগুদামগুলোর একই অবস্থা।”
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, “সরকারের প্রকল্প সাধারণ মানুষের কল্যাণে। এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.