আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ (৩৬)সহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, ৯০ পিস ইয়াবা, পাঁচ বোতল ফেনসিডিল ও একটি গাঁজা সেবনের কলকি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সেনা ক্যাম্প জানায়, বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার বক্ষ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন—মাসুদের সহযোগী শেখ বাদশা ফয়সাল (৩৪) ও মাদকসেবী জুয়েল রানা (২৭)। বাদশা ফয়সাল পুরাতন সাতক্ষীরার শেখ আহমদ হোসেনের ছেলে এবং জুয়েল রানা সদর উপজেলার বক্ষ্মরাজপুর উমড়াপাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে।
সদর সেনা ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, কোপা মাসুদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে এবং সে একাধিকবার কারাভোগ করেছে। সাম্প্রতিক সময়ে সে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেছে বলেও জানান তিনি।
সেনা কর্মকর্তা আরো বলেন, সাতক্ষীরায় অপরাধ দমনে যৌথবাহিনী বদ্ধপরিকর। অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.