রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর ঘটনাকে রহস্যজনক দাবি করে এর পেছনের কারণ অনুসন্ধানে অধিকতর ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
বক্তারা বলেন, "সাংবাদিক বুলু যদি আত্মহত্যা করেও থাকেন, তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, সেটি জানা জরুরি। তার ওপর কী ধরনের চাপ ছিল, কাদের দ্বারা তিনি প্ররোচিত হয়েছেন, এবং তার অর্থ আত্মসাতের সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্ত করে প্রকাশ্যে আনতে হবে।"
মানববন্ধনে বক্তারা দাবি করেন, বুলুর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তারা বলেন, খুলনার নদ-নদীতে বেওয়ারিশ লাশের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ব্যর্থ হচ্ছে।
সাংবাদিকরা বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার যেমন এখনো হয়নি, তেমনি সাংবাদিক বুলুর ঘটনাও যেন ধামাচাপা না পড়ে যায়।” তারা মামলার তদন্ত গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "লবণচরা থানায় কেবল একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নৌ-পুলিশ তদন্ত করলেও অগ্রগতি নেই বললেই চলে। আমরা চাই, ডিবি, পিআইবি, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যেন এই ঘটনার ছায়া তদন্ত করে।"
মানববন্ধনে সভাপতিত্ব করেন কেইউজের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি কাজী শামিম আহমেদ ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।
এ সময় বক্তব্য দেন বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব হেদায়েত হেসেন মোল্লা, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ অনেকে।
উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ-এ কর্মরত ছিলেন এবং এর আগে দৈনিক বঙ্গবাণী, আজকের কাগজ, ইউএনবি, চ্যানেল ওয়ান, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
তিনি খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন।
সাংবাদিক সমাজের দাবি, সম্মিলিত তদন্তের মাধ্যমেই বুলুর মৃত্যু নিয়ে প্রকৃত সত্য উদঘাটন সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.