ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে অনলাইন নিউজ পেপার নবধারার ভোলা প্রতিনিধি ও দৈনিক দ্য বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা সংবাদদাতা সাংবাদিক তৈয়্যবুর রহমান তুহিনকে প্রকাশ্যে অপহরণ করে মুক্তিপণ আদায় এবং হত্যার চেষ্টা চালিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মবচক্রের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ আইচা পুরান বাজারসংলগ্ন একটি চায়ের দোকান থেকে তুহিনকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত ভবনের ছাদে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয় এবং মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।
অভিযোগে জানা গেছে, হামলাকারীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আইচা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মব চক্রের সভাপতি মো. সুমন শিকদার (২৮), আবু তাহের (২৯), মারুফ (১৭), বাদশা (৪৭), সিয়াম (১৮), বাবু (১৭), রবি আলম (৩১), তারেক গাজী (৩১)সহ আরও কয়েকজন। তারা পরিকল্পিতভাবে এ অপহরণ ও হামলা চালায়।
ভুক্তভোগী সাংবাদিক তুহিন জানান, সন্ত্রাসীরা তার মুখে কাপড় বেঁধে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের সদস্যরা ছোট ভাই মহিনের মাধ্যমে ২০ হাজার টাকা এবং চাচা আবু জাহেরের মাধ্যমে আরও ৭ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
তুহিন আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মবচক্রের অপকর্ম ও মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন। এর জের ধরেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই চক্রটি ৫ আগস্টের পর থেকে এলাকায় মাদক বিক্রি ও মব জাস্টিসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলেন, চক্রটির দৌরাত্ম্যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকের ওপর এ ধরনের ভয়ঙ্কর হামলা মুক্ত সাংবাদিকতা ও জননিরাপত্তার জন্য বড় হুমকি। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.