জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জমি জবরদখলে বাধা দেওয়ায় আবুল বশর (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে মিল্কভিটার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল বশরের মালিকানাধীন এক শতক জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছিলেন পৌর এলাকার চরগণেশ গ্রামের আবুল কাশেম ও তার ছেলেরা। এ নিয়ে আদালতে মামলা হলে এবং স্থানীয় সালিশ বৈঠকেও আবুল বশরের পক্ষে রায় আসে।
কিন্তু রায় উপেক্ষা করে আবুল কাশেম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পুনরায় জমি দখলের চেষ্টা চালান। খবর পেয়ে আবুল বশর ঘটনাস্থলে গেলে তাকে আবুল কাশেম, তার ছেলে সুমন, শামীম, কানচন বেগমসহ ৭–৮ জন মিলে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনায় আবুল বশর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.