ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল শেখ (৪৪)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবুল শেখ অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে ভোগদখল করা তার পৈত্রিক ও রেলের সম্পত্তি স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে দখল করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জমি দখল হয়ে গেলেও সরকার পরিবর্তনের পর ফেরত পান। তবে সম্প্রতি জমিতে কাজ শুরু করতে চাইলে স্থানীয় প্রভাবশালীরা হুমকি দিতে থাকে।
তিনি জানান, এ বিষয়ে গত ২৭ আগস্ট ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আসামি করা হয়েছে আব্দুল মান্নান শেখ (পিতা হাবিবুর রহমান), উপজেলা আওয়ামী লীগ নেত্রী নূর জাহান বেগম (ভানু) ও তার স্বামীকে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আব্দুল মান্নান, নূর জাহান ভানু, বাবু, শাহিদুল, রেজা, রফিকসহ ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় নারী সদস্য, বাকপ্রতিবন্ধী ও গর্ভবতী নারীও মারধরের শিকার হন। হামলার পর দখলকৃত জমিতে আসামিরা ঘর নির্মাণ করছে বলেও দাবি করেন তিনি।
আবুল শেখ সংবাদ সম্মেলনে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ভোগদখলীয় জমি ফেরত দেওয়া এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.