মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারের শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশি শাহাদাৎ কাজী ও তার পরিবারের বিরুদ্ধে। দুই দিনব্যাপী (৫ ও ৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারের সঙ্গে প্রতিবেশি শাহাদাৎ কাজীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে কাশেম হাওলাদারের মেয়ে শিউলি আক্তার আদালতে অভিযোগ করলে মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উভয়পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোনো কার্যক্রম না চালাতে নির্দেশ দেন। এরপর ডাসার থানা থেকেও নোটিস প্রদান করা হয়।
তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে শাহাদাৎ কাজী ও তার ভাইয়েরা শতাধিক গাছ কেটে নেয়, যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে শাহাদাৎ কাজী বলেন, “আমাদের জমির গাছই আমরা কেটেছি। অন্যের জমি থেকে কোনো গাছ কাটিনি। প্রয়োজনে সরকারি সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হোক।”
ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী নোটিস প্রদান করা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.