নোয়াখালী প্রতিনিধি
বিভিন্ন আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শিক্ষার্থী ভর্তি ও অন্যান্য খাতে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করেন, রশিদ ছাড়াই চাঁদা নেন এবং শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করেন। এছাড়া গরীব ও এতিম শিক্ষার্থীদের প্রতি অমানবিক মনোভাব প্রদর্শনসহ শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, “আমি একটি মিটিংয়ে আছি, পরে এ বিষয়ে কথা বলব।”
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, “শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.