সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের একটি আসন কমানো সহ তিনটি আসনের সীমানা সম্পূর্ন পাল্টে দেয়ার প্রতিবাদে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি ৩ দিনের হরতাল সহ আজ (রবিবার) থেকে পাঁচদিনের লাগাতর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ কর্মসূচি ঘোষণা করেন।
লাগাতার এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে রয়েছে আজ রবিবার বিকালে জেলা ও উপজেলায় বিক্ষোভ, সোমবার মোংলা বন্দরসহ জেলাব্যাপী পূর্ণদিবস হরতাল, মঙ্গলবার জেলা ও উপজেলায় বিক্ষোভ, বুধ ও বৃহস্পতিবার দুইদিন একটানা ৪৮ ঘন্টা হরতাল পালন। এদিকে জেলাব্যাপী সোমবারের পূর্নদিবস হরতাল সফল করতে রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপি জামায়াত সহ জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাট শহরে ও একই দাবীতে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করে।
দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়ায় বাগেরহাটের চার আসন থেকে একটি বাদ দিয়ে তিন আসনের প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে জেলাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে আন্দোলন শুরু করে। আন্দোলনের পাশাপাশি সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো একত্রিত হয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে নির্বাচন কমিশনে চারটি আসন বহালের দাবি জানিয়ে লিখিত সুপারিশও দাখিল করে। নির্বাচন কমিশনের শুনানি ইসি জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চারটি আসন বহাল রাখবে, এমন প্রত্যাশায় আন্দোলন থেকে সরে এসেছিল বাগেরহাটবাসী।
কিন্তু ইসি গত ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি আসনে নামিয়ে আনে। পাশাপাশি তিনটি আসনেই নতুন নতুন উপজেলা সংযুক্ত করে সীমানা সম্পূর্ন পাল্টে দেয়। এতে জেলার প্রায় ১৮ লক্ষাধিক মানুষের হৃদয় বিদীর্ণ হয়েছে। ইসির এই এমন হটকারি সিদ্ধান্ত অযৌক্তিক ও বেআইনি। জনমতের প্রতি কোনো শ্রদ্ধা না দেখিয়ে ইসি জেলাবাসীর ন্যায্য দাবি উপেক্ষা করেছে। এর প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি পাঁচ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, ফকির তারিকুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারী সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াত নেতা এস এম মঞ্জুরুল হক রাহাদ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জামায়াত সহ বিভিন্ন দলের সমন্বয় ঐক্য পরিষদ পাঁচদিনের কঠোর এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.