কলাপাড়া প্রতিনিধি
বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৩) অবশেষে গ্রেফতার হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম।
গ্রেফতার ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া গ্রামের মৃত শানু হাওলাদারের ছেলে এবং কুয়াকাটার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। জানা গেছে, তিনি কুয়াকাটার একটি চিহ্নিত মাদক চক্রের নিয়ন্ত্রক এবং একটি হত্যা মামলারও আসামি।
এর আগে এই মামলায় ইলিয়াসের ছেলে রাজনকে পুলিশ গ্রেফতার করে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও জবানবন্দি গ্রহণ করা হয়। বর্তমানে গ্রেফতারকৃত মিলুকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে ফেরার পর নিজ বাড়িতে ঢোকার মুহূর্তে সাংবাদিক জহিরুল ইসলাম মিরণের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এলোপাতাড়ি কোপানোর ফলে তার এক হাতের রগ কেটে যায় এবং অন্য হাতের কব্জি ঝুলে পড়ে। মাথা, কপাল, পেট ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপ লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘদিন ধরে মামলার প্রধান হোতারা পলাতক ছিল। ইলিয়াসের গ্রেফতারের খবরে সাংবাদিক ও মিরণের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.