মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বের চারটি আসন পুনর্বহালের দাবিতে সোমবার মোল্লাহাটে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। পাঁচ দিনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ হরতাল পালন করে এলাকাবাসী।
ভোর থেকেই মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর মুখে মধুমতি নদীর পাড়ে মহাসড়কে অবস্থান নেন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা হরতালের সমর্থনে স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার রক্ষার স্বার্থে বাদ দেওয়া আসনটি অবশ্যই পুনর্বহাল করতে হবে।
হরতালের কারণে মোল্লাহাট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে বলে জানা গেছে।
বেলা ১১টায় মোল্লাহাট উপজেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বাগেরহাটের বাদ দেওয়া আসনটি পুনর্বহাল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল (মঙ্গলবার) বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.