এস আই মল্লিক, ঝিনাইদহ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলায় এবার ৪৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় বেশি। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।
সভায় জানানো হয়, জেলার ছয়টি উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা হলো—সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, এনএসআই কর্মকর্তা উত্তম কুমার কর, ডিজিএফআই কর্মকর্তা সারোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্যবাহী সর্বজনীন উৎসব। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পূজার সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে বলে জানানো হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, যেকোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.