
হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
ভারতে মানব পাচারের শিকার হয়ে দীর্ঘদিন দুর্বিষহ সময় পার করার পর দেশে ফিরেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম (৩২)। বুধবার বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে হস্তান্তর করে।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে এক্সিট পারমিট সংগ্রহ করে দেশে ফেরার অনুমতি পান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) ও ইমিগ্রেশন পুলিশ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সবেদা বেগমকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ভিকটিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন জাস্টিস এন্ড কেয়ার-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম জানান, সবেদাকে দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া তিনি যদি পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চান, তাহলে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.