নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোঃ হাবিবুর রহমান হবি শেখ (৬০) নামের এক মুদি দোকানি মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার চরকান্দা এলাকার বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের এয়ার ভুঁইয়ার মার্কেটের ব্র্যাক ব্যাংকের নিচতলায় একটি মুদি দোকান চালাতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা থেকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। ওই কর্মসূচিতে অংশ নেন হাবিবুর রহমান।
তীব্র গরমের মধ্যে কর্মসূচিতে দীর্ঘ সময় অবস্থান করায় হাবিবুর রহমান হিটস্ট্রোকে আক্রান্ত হন। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, প্রচণ্ড গরম ও শারীরিক অতিরিক্ত চাপের কারণেই তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সরকারের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ ধরনের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.