দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুঠিয়া উপজেলায় মটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হন এবং দুর্গাপুরে ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যান চালক মারা যান।
নিহতরা হলেন — দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) এবং চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যান চালক সুজন (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দুর্গাপুরের দুই যুবক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছালে তাদের মটরসাইকেল একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। সড়কে পড়ে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাকায় পিষ্ট করে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে শাহীন পথিমধ্যে মারা যান। দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে এবং ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে দুর্গাপুর-শিবপুর প্রধান সড়কের সিংগা ব্রিজ সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান চালক সুজন নিহত হন। তিনি মালবহন শেষে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। ট্রাকের ধাক্কায় ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পুলিশ ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫ নম্বর ট্রাকটি আটক করেছে। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.