মনিরামপুর (যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার স্কুল থেকে ফেরার পথে মাহমুদা স্থানীয় মুদি ব্যবসায়ী মেহেদী হাসানের দোকানে যায়। দোকান থেকে রুটি নিয়ে খাওয়ার সময় কথা কাটাকাটি হয়। এরপর মুদি ব্যবসায়ী বিষয়টি মাহমুদার মাকে জানান।
খবর পেয়ে মা ঘটনাস্থলে এসে মেয়েকে মারধর করে বাড়ি নিয়ে যান। এর পর থেকেই মাহমুদা নিখোঁজ ছিল। পরিবার ও এলাকাবাসী রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পেছনের পুকুরে স্থানীয়রা চুল ভেসে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে নিশ্চিত হয় যে সেটি নিখোঁজ মাহমুদার। তবে মরদেহ উদ্ধারের সময় কিশোরীর শরীরে কোনো পোশাক ছিল না। পরে একই পুকুর থেকে তার জামা ও ওড়না উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এটি স্বাভাবিক ডুবে মৃত্যু নয়, এর পেছনে রহস্যজনক কিছু থাকতে পারে। এ বিষয়ে মাহমুদার বাবা মাওলানা আনিসুর হক বলেন, আমার মেয়ে সাঁতার জানতো না। তার পরেও কিভাবে তার মৃত্যু হয়েছে, তা বলবো কি করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.