শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নরসিংদী-গাজীপুরের সমন্বিত দুদক কার্যালয়ের একটি চার সদস্যবিশিষ্ট টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে অনুপস্থিত থাকা, ওষুধের সঠিক সরবরাহ না থাকা, নিম্নমানের খাবার বিতরণসহ বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির তথ্য সংগ্রহ করে দুদক টিম।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান। তিনি জানান, “হাসপাতালে কর্মরত বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে সঠিক সময়ে উপস্থিত না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগ যাচাই করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানকালে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং খাবারের মান নিয়ে নানা ধরনের অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহ্সহ অন্যান্য কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.