ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতেই তাকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লাল মিয়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর হাটে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে লাল মিয়া মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এই মন্তব্য শুনে ক্ষিপ্ত হন। পরে তিনি হাট থেকে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন।
ঘটনার বাদী নাসিম রহমান বলেন, “আমি নিজ কানে ওই বৃদ্ধকে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শুনেছি। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। আমরা চাই আদালতের মাধ্যমে তার কঠোর শাস্তি হোক যেন ভবিষ্যতে কেউ মহানবী বা অন্য ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়।”
শিলা হাটি গ্রামের ক্বারী মো. ছবির হোসেন জানান, “ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী ও ইসলামকে নিয়ে কটুক্তি মেনে নেবে না। আমরা আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
স্থানীয় ব্যবসায়ী নাইম বলেন, “তার দোকানের পাশে বসে লাল মিয়া বলেছে, আমাদের নবী গান-বাজনা শুনতেন, এমনকি অশালীন নাচও উপভোগ করতেন। এ কথা শুনে বাজারের লোকজন উত্তেজিত হয়ে ওঠে।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ৯। দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.