হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে তৃণমূলে ছড়িয়ে দিতে যশোরের শার্শা উপজেলায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর, লক্ষণপুর, শিকারপুর, বাহাদুরপুর ও বোয়ালিয়া গ্রামের অলিগলি ঘুরে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট।
নেতাকর্মীরা ছোট ছোট মিছিলের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন এই বার্তা—গণতন্ত্র ফিরিয়ে আনতে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
খায়রুজ্জামান মধু বলেন,“দেশকে ফ্যাসিবাদী শাসনের হাত থেকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা জাতীয় মুক্তির রূপরেখা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সংবিধান সংস্কারের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন,“এই কর্মসূচি শুধুমাত্র বিএনপির নয়, বরং এটা জাতির মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান। আমরা সেই বার্তা তৃণমূলের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
প্রচারে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, তারা শান্তিপূর্ণ উপায়ে ৩১ দফা কর্মসূচির বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চান এবং এতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.