নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, ২০১৯ সালে খাল পুনঃখননের উদ্যোগে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে থাকা শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা তখন প্রশাসনের এ সিদ্ধান্তে সহযোগিতা করেন। কিন্তু এরপর খালি জায়গাগুলো নাম-বেনামে বেদখল হতে থাকে।
সম্প্রতি ওই খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের কাজ শুরু করেছে নোয়াখালী পৌরসভা। ব্যবসায়ীদের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের আড়ালে পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র ওই জমি দখলের চেষ্টা করছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পুরোনো ব্যবসায়ীদের পুনর্বাসন না করেই নতুন অবৈধ দখলদারদের জায়গা দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল,সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন,ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির এবং ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।
তারা অবিলম্বে খাল ভরাট ও যাত্রী ছাউনি নির্মাণ কাজ বন্ধ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন,“ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন। জনস্বার্থে, সোনাপুর জিরো পয়েন্টে খালপাড়ে এবং সড়কের পাশে যাত্রী ছাউনি নির্মাণ করছে পৌরসভা।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.