
শফিকুল ইসলাম সাফা, (চিতলমারী)বাগেরহাট)
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চিতলমারী উপজেলায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালের কারণে উপজেলার প্রধান সড়ক, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও সড়ক অবরোধের ফলে উপজেলার সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। চিতলমারী থেকে ঢাকা, মাওয়া, গোপালগঞ্জ, খুলনা, নাজিরপুরসহ আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
হরতালের সমর্থনে সড়ক ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
উপজেলার দোকানপাট, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পিকেটারদের অবস্থান দেখা গেছে।
সকাল ১০টার দিকে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন,চিতলমারী উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান,সম্মিলিত কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুজ্জামান নান্না,কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের একটি কমিয়ে আসন পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে জেলার রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনসমূহ 'সর্বদলীয় সম্মিলিত কমিটি'র ব্যানারে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.