মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ভ্যানচালক মো. মিন্টু হোসেন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মিন্টুর ছেলে মো. আকাশ।
তিনি বলেন,
“আমরা মনিরামপুর পৌরসভার ১নং ওয়ার্ড হাকোবা গ্রামের স্থায়ী বাসিন্দা। গত ২৯ আগস্ট আমার পিতা মিন্টু হোসেন ও পরিবারের কয়েকজন সদস্যের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ঘটনায় মনিরামপুর উপজেলাসহ দেশব্যাপী চাঞ্চল্য তৈরি হয়।”
তিনি আরও বলেন,“স্থানীয় সাংবাদিক ও মনিরামপুর থানা পুলিশের তৎপরতায় প্রধান আসামি বড় সাব্বিরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সময়ে আসামিরা গ্রেফতার হওয়ায় আমরা আইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন,“আমার পিতার মৃত্যুর পর থেকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন ও তাঁর ভাই তুহিন হাসান আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। এমনকি আমাদের পরিবারের দায়িত্ব গ্রহণের কথাও বলেছেন।”
তবে আকাশ অভিযোগ করেন,“আমার ছোট কাকা সেন্টুর দুঃসম্পর্কের আত্মীয়, যশোরের সুমন নামের একজন ব্যক্তি আমাদের ভুল বুঝিয়ে যশোরে নিয়ে যান। সেখানে আমাদের অজান্তে একটি মানববন্ধনে দাঁড় করিয়ে দেন এবং কিছু কাগজ হাতে ধরিয়ে দেন। পরে জানতে পারি, তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাতে আমাদের ব্যবহার করেছেন এবং এ সুযোগে আর্থিক সুবিধা নিয়েছেন।”
তিনি বলেন,“আমরা মনে করি, এই মানববন্ধন ও প্রচার একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যার মাধ্যমে আমাদের পিতার হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.