যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রকাশ চন্দ্র সরকারসহ চারজনের বিরুদ্ধে জাল ওয়ারিশ সনদ প্রদানের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মৃত মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমান আলীর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অন্য আসামিরা হলেন নরেন্দ্রপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যশোর সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের ইনামুল হক এবং খুলনার ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের ফজর আলীর মেয়ে মাহামুদা বেগম।
মামলায় বাদী শহিদুল ইসলাম উল্লেখ করেন, তাদের পরিবারে দুই ভাই, সাত বোন ও মা রয়েছেন এবং ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে তারা দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করছেন। কিন্তু গত ৫ সেপ্টেম্বর সকালে ইনামুল হক একটি ওয়ারিশ সনদ দেখিয়ে দাবি করেন, তার বাবা মকবুল হোসেন এবং মা মাহামুদা বেগম। তিনি ওই পরিবারের সন্তান এবং সব সম্পত্তিতে তার ভাগ দিতে হবে। এ সময় তিনি বাদী পরিবারকে নানা ভয়ভীতি দেখান।
পরবর্তীতে বাদী পরিবার ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টি জানালে প্রশাসক প্রকাশ চন্দ্র সরকার ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। মামলায় অভিযোগ করা হয়, প্রমাণ ছাড়াই তারা জাল ওয়ারিশ সনদ প্রদান করেছেন এবং এর মাধ্যমে আসামিরা জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
বাদীর দাবি, নিরুপায় হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.