নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। পরে ট্রলারের ১১ জন জেলে বাড়ি ফিরে যান। ট্রলার পাহারায় ছিলেন বাবুর্চি হেমা মাঝি। রাতে রান্না করার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে ট্রলারটি কেঁপে ওঠে এবং কাঠের অংশগুলো ছিটকে যায়। মুহূর্তেই হেমা মাঝি দগ্ধ হন।
শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হেমার দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে।
হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বলেন, “রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে, এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.