শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে আইনের শাসন, জনগণের অধিকার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী নামার বাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশকে লুটপাট করেছে। তারা উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে; কিন্তু কাজ করেনি, করেছে শুধু লুটপাট। তাদের অপশাসনে দেশ একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “একটি দেশের উন্নতির জন্য শুধু শহর উন্নত করলেই হবে না, প্রতিটি গ্রামকেও উন্নয়নের আওতায় আনতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে শহরের পাশাপাশি দেশের প্রতিটি গ্রাম উন্নয়নে কাজ করবে।”
পথসভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.